৪ সেপ্টেম্বর(শনিবার) ২ ঘটিকার সময় নড়াইল জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে নড়াইল জেলার নবাগত পুলিশ সুপার জনাব কাজী এহসানুল কবীর মহোদয়ের সাথে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় নবাগত পুলিশ সুপার মহোদয়কে সাংবাদিকদের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পুলিশ সুপার মহোদয় সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎকালে সকলের সাথে পরিচিত হন ও মতবিনিময় করেন। সাংবাদিকবৃন্দ যেকোন ঘটনায় দ্রুত তাদেরকে অবহিত করতে অনুরোধ করেন। পুলিশ সুপার জনাব কাজী এহসানুল কবীর বলেন, "সাংবাদিকরা হলো সমাজের দর্পণ। আপনারা সমাজের অসংগতি ও সত্য ঘটনা তুলে ধরবেন। অবৈধ অস্ত্র, মাদক, জুয়া, বাল্যবিবাহসহ বিভিন্ন বিষয়ে তথ্য দিয়ে জেলা পুলিশকে সহযোগিতা করবেন।" পরিশেষে পুলিশ সুপার মহোদয় মাদক কারবারি ও অবৈধ অস্ত্রধারীদের ক্ষেত্রে জিরো টলারেন্স ঘোষণা করেন এবং সাংবাদিকদের সাথে সুসম্পর্ক বজায় রেখে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় জনাব তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্); জনাব মোঃ দোলন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল)সহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।