আগামী ২৩ অক্টোবরের (বুধবার) মধ্যেই শেষ করতে হবে হজযাত্রীদের প্রাথমিক নিবন্ধন।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ অনুবিভাগ এ সংক্রান্ত বিশেষ বিজ্ঞপ্তি জারি করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌদি সরকারের ঘোষিত রোডম্যাপ অনুসারে মিনা ও আরাফায় তাঁবু নির্ধারণ ও সার্ভিস কোম্পানীর সাথে চুক্তি সম্পাদন কার্যক্রম ২৩ অক্টোবর থেকে শুরু হবে। তাঁবু বরাদ্দ প্রদান করার ক্ষেত্রে ‘আগে আসলে আগে পাবেন’ নীতি অনুসরণ করা হয়ে থাকে। এ কারণে ২৩ অক্টোবরের মধ্যেই হজযাত্রী নিবন্ধন শেষ না হলে মিনা ও আরাফায় কাঙ্খিত জোনে তাঁবু বরাদ্দ পাওয়া যাবে না।
সার্ভিস কোম্পানী ও তাঁবু গ্রহণের সাথে চুক্তি সম্পাদনে দেরি হলে হজযাত্রীদের অবস্থান করতে হবে জামারাহ থেকে অনেক নিউ মিনা এলাকা অথবা দূরে পাহাড়ী এলাকাতে । ফলে হজযাত্রীদের সৌদি আরবে প্রখর রোদ ও গরমের মধ্যে দীর্ঘপথ হাটতে হবে যা কষ্টকর হবে তাদের জন্য।
সে কারণে সুষ্ঠু হজ ব্যবস্থাপনার সার্থে আগামী ২৩ অক্টোবরের মধ্যে হজগমনেচ্ছু ব্যক্তিদেরকে ৩ লাখ টাকা ব্যাংকে জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করার জন্য অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয়।