বুধবার , ১৩ মে ২০২৬ , সকাল ০৯:২৭
ব্রেকিং নিউজ

যৌথবাহিনীর অভিযানে ইউপি সদস্যের খাটের নিচে মিলল সরকারি ওষুধ

রিপোর্টার : সিলোট ব্যুরো অফিস:
প্রকাশ : রবিবার , ৮ সেপ্টেম্বর ২০২৪ , সকাল ০৯:৩৯

সিলেটের ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত নারী সদস্য সেলিনা আক্তারের বসত ঘরে অভিযান চালিয়ে সরকারি ওষুধ, জন্মনিরোধক পিলসহ বেশ কিছু স্বাস্থ্য সামগ্রী এবং নগদ টাকা জব্দ করেছে যৌথবাহিনী। জব্দকৃত মালামালসহ ওই নারীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

শনিবার (৭ সেপ্টেম্বর) বিকালে এ অভিযান পরিচালনা করা হয়।

সেলিনা আক্তার ফেঞ্চুগঞ্জ উপজেলার ২নং মাইজগাঁও ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য এবং নূরপুর গ্রামের সাবুল আহমদের স্ত্রী।

স্থানীয়রা জানান, তার বাড়ির বসত ঘরের একটি রুমের খাটের তলা থেকে অনেকগুলো কার্টুনে থাকা পরিবার পরিকল্পনা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি ওষুধসহ বেশ কিছু সামগ্রী এবং নগদ টাকা জব্দ করে যৌথবাহিনীরা।

অভিযোগ উঠেছে, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশে এসব বাড়িতে রেখে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিক্রি করে আসছিলেন তিনি। 

তবে সেলিনা আক্তার অভিযোগ অস্বীকার করেন। তার দাবি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের দুজন স্বাস্থ্যকর্মী তার বাসায় রেখে বিনামূল্যে মানুষের মধ্যে এসব ওষুধ সরবরাহ করতেন। 

খবর পেয়ে ছুটে আসেন উপজেলা মেডিকেল অফিসার (এমসিএইচ-এফসি) ডা. সুর্বণা রায় তুলি। তিনি বলেন, ‘আমি এখনো প্রসূতি ছুটিতে আছি। দায়িত্ব গ্রহণ করিনি। এসব ওষুধ-স্বাস্থ্য সামগ্রী এখানে থাকার কথা নয়। কীভাবে এল, সেটাও বলতে পারব না।’

অভিযানে উপস্থিত ফেঞ্চুগঞ্জ থানার উপপরিদর্শক অসিত রঞ্জন দেব বলেন, যৌথবাহিনী গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় মাইজগাঁও ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য সেলিনা আক্তারের বাড়িতে। তার বসত ঘরের একটি কক্ষের খাটের নিচ থেকে বেশ কিছু সরকারি ওষুধসামগ্রী ও নগদ টাকা জব্দ করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জানতে চাইলে ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী আতাউর রহমান বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১