বুধবার , ১৩ মে ২০২৬ , সকাল ০৯:২৩
ব্রেকিং নিউজ

খোলা চিঠি

রিপোর্টার : নড়াইল জেলা প্রতিনিধি
প্রকাশ : রবিবার , ৪ জানুয়ারী ২০২৬ , দুপুর ০২:৫৮
নড়াইল-১ আসনের প্রিয় ভোটার ও সম্মানিত নাগরিকবৃন্দ,

আসসালামু আলাইকুম/আদাব।

আমি অধ্যাপক বিএম নাগিব হোসেন-আপনাদের ভালোবাসা, আস্থা ও দায়িত্ববোধকে সঙ্গে নিয়েই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতনত্র প্রার্থী হিসেবে আপনাদের সামনে দাঁড়িয়েছি। নড়াইল আমার জন্মভূমি, আমার শেকড়, আমার স্বপ্নের জায়গা। আপনাদের হাসি-কান্না, সংগ্রাম-স্বপ্ন আর অনন্ত সম্ভাবনাই আমাকে অনুপ্রাণিত করে।

আমার শ্রদ্ধেয় বড় ভাই, প্রখ্যাত শ্রমিক নেতা বিএম বাকির হোসেন, নড়াইলবাসীর অধিকার, স্বপ্ন আর উন্নয়নের জন্য সারা জীবন লড়েছেন। তার সেই অসম্পূর্ণ স্বপ্ন পূরণের দায়িত্বই আপনারা আমার কাঁধে তুলে দিয়েছেন-এটা আমার জন্য গর্ব, দায়িত্ব, আর একই সঙ্গে এক বিশাল আস্থা। এই আস্থার মর্যাদা রক্ষাই আজ আমার একমাত্র প্রতিশ্রুতি।

আমি বিশ্বাস করি-সমৃদ্ধ নড়াইল গড়তে হলে শুধু কথা নয়, প্রয়োজন বাস্তবসম্মত রোডম্যাপ। তাই আমি প্রতিশ্রুতি দিচ্ছি, নড়াইলে শিল্পাঞ্চল পুনরুজ্জীবিত ও সম্প্রসারণের মাধ্যমে নতুন কর্মসংস্থানের পথ খুলে দেব। যাতে আমাদের তরুণরা কাজের খোঁজে দূরে না গিয়ে নিজের মাটিতেই দক্ষতানুযায়ী কাজের সুযোগ পায়। কৃষি-ভিত্তিক শিল্প, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ, প্রযুক্তি ও সৃষ্টিশীল খাত-এসবের মাধ্যমে একটি টেকসই অর্থনৈতিক ভিত্তি গড়ে তোলাই হবে আমার প্রথম কাজ।

নড়াইলে হিন্দু-মুসলিম, সব ধর্ম-বর্ণের মানুষ মিলেমিশে বসবাস করেন। আমি অঙ্গীকার করছি-হিন্দু সম্প্রদায়সহ প্রত্যেক নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা হবে সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে। মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডাসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে আমি কাজ করব।

একটি সুস্থ সমাজের জন্য সবচেয়ে বড় প্রয়োজন-রাজনৈতিক প্রতিহিংসামুক্ত পরিবেশ এবং আইনের সুশাসন। আমি চাই নড়াইলকে রাজনীতি হোক শত্রুতা নয়, উন্নয়ন ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠার হাতিয়ার। ব্যক্তিগত বিদ্বেষ, হয়রানি, হয়তো এসবেরই কারণে আমরা অনেক সম্ভাবনা হারিয়েছি। আমি দৃঢ়ভাবে প্রতিশ্রুতি দিচ্ছি-নিরপেক্ষ আইন, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠায় আমি কোনো আপস করব না।আমাদের এই নড়াইলের ভবিষ্যৎ নির্ভর করছে তরুণদের ওপর। তাই তারুণ্যনির্ভর সুযোগ-সুবিধা, দক্ষতা বিকাশ, আইটি-হাব, স্পোর্টস অ্যাকাডেমি, স্টার্টআপ সাপোর্ট, লাইব্রেরি ও সাংস্কৃতিক অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা আমার অগ্রাধিকারে থাকবে। একই সঙ্গে স্বাস্থ্যসেবা, শিক্ষা, সড়ক, বিদ্যুৎ ও যোগাযোগব্যবস্থা আরও আধুনিক, আরও সহজ করতে কাজ করব।

আমি কোনো দলীয় প্রতীকের ভিড়ে হারিয়ে যাওয়া একজন নই-আমি আপনাদেরই একজন, আপনাদের স্বপ্নেরই ধারক। আপনাদের ভালোবাসা, সমর্থন আর দোয়া ছাড়া আমি কিছুই নই। আমি প্রতিশ্রুতি দিচ্ছি-নড়াইলের প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে যাব, শুনব আপনাদের কথা, আপনাদের কষ্ট, আপনাদের দাবি। এবং সংসদে গিয়ে সেটা আপনাদের কণ্ঠ হিসেবেই তুলে ধরব।

আমি বিশ্বাস করি, নড়াইলের রাজনীতি হতে হবে নৈতিক, মানবিক ও দায়িত্বশীল। নারী পাচার, সহিংসতা, সন্ত্রাসী কার্যক্রম, চাঁদাবাজি বা যে কোনো অপরাধ-যেখানেই হোক, যারই দ্বারা হোক-তার বিরুদ্ধে আমি আপসহীন থাকব। নড়াইলকে অপরাধমুক্ত, শান্তিপূর্ণ ও নিরাপদ রাখতে আইনের শাসন প্রতিষ্ঠা এবং ন্যায়বিচার নিশ্চিত করতে আমাদেরকে চাঁদাবাজ, সন্ত্রাসের গডফাদার ও নারীপাচারকারীকে রুখে দিতে হবে ভোটের মাধ্যমে।

আসন্ন নির্বাচনে আমার প্রতি আপনার একটি ভোট নড়াইলের ভবিষ্যৎকে শক্তিশালী করবে। আসুন, আমরা একসঙ্গে প্রতিজ্ঞা করি-নড়াইল হবে শান্তি, নিরাপত্তা, উন্নয়ন ও মানবিকতার ঠিকানা।

আপনাদের আন্তরিক ভালোবাসা ও আস্থার প্রতি নত করেই বলছি-আমি আছি আপনাদের পাশে, থাকব আপনাদের সাথেই।

আপনাদেরই বিশ্বাসভাজন,

অধ্যাপক বিএম নাগিব হোসেন

স্বতন্ত্র প্রার্থী

নড়াইল-১ আসন

এ সম্পর্কিত আরও পড়ুন

এ সম্পর্কিত আরও পড়ুন

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১