সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলায় একটি কাভার্ড ভ্যানভর্তি গাঁজাসহ দুই মাদককারবারিকে আটক করেছে র্যাব সদস্য । আজ শুক্রবার ভোরে নাটোর-বনপাড়া মহাসড়কের তাড়াশ উপজেলার চরহামকুড়িয়া এলাকা থেকে তাদের আটক করা হয় বলে র্যাব-১২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মারুফ হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আটকরা হলো- কুমিল্লার দেবীদ্বার উপজেলার রাজাকাচর গ্রামের আল-আমিন (২২) ও বাঙ্গরাবাজার উপজেলার চাবিতলা গ্রামের এরশাদ ওরফে হৃদয় (২৭)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে কাভার্ড ভ্যানে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা বহন করা হচ্ছে।
সেই মোতাবেক র্যাব-১২ সদর কম্পানির কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খানের নেতৃত্বে নাটোর- বনপাড়া মহাসড়কের তাড়াশ উপজেলার চরহামকুড়িয়া এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসানো হয়।
র্যাব সদস্যরা জানান- ১৭ মে শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়। এরপর সেটি তল্লাশি করে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ২১৬ কেজি গাঁজা উদ্ধার এবং কাভার্ড ভ্যানে থাকা আল-আমিন ও এরশাদ ওরফে হৃদয়কে আটক করা হয়। এ ঘটনায় মাদক কারবারিদের বিরুদ্ধ তাড়াশ থানায় মামলা হয়েছে বলে উল্লেখ করেন তারা।