দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে গত সোমবার। প্রতিবছর ঈদের আগে স্বাভাবিক সময়ের তুলনায় রেমিট্যান্স বা প্রবাস আয় বেড়ে যায়। এবারও ব্যতিক্রম হয়নি। ঈদের আগ পর্যন্ত জুন মাসের ১৪ দিনে ১৯ হাজার ৪৩২ কোটি টাকার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।
কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, জুন মাসের প্রথম ১৪ দিনে বৈধ বা ব্যাংকিং চ্যানেলে ১৬৪ কোটি ৬৭ লাখ মার্কিন ডলারের বেশি সমপরিমাণ অর্থ দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। দেশীয় মুদ্রায় (প্রতি ডলারে ধরা হয় ১১৮ টাকা ) যার পরিমাণ উনিশ হাজার চার শত বত্রিশ কোটি টাকা। সেই হিসাবে ঈদের সময় দৈনিক রেমিট্যান্স এসেছে নয়শত বিরানব্বই কোটি টাকার বেশি সমপরিমাণে বৈদেশিক মুদ্রা।
ঈদের সময় অর্থাৎ জুনের প্রথম ১৪ দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ঊনচল্লিশ কোটি চল্লিশ লাখ ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ৪ কোটি মার্কিন ডলার, ১২০ কোটি ৮১ লাখ ডলার বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে এবং ৪২ লাখ ডলার বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ।