আগের দুই ম্যাচে হ্যাটট্রিকের পর মেজর লিগ সকারের (এমএলএস) প্রথম প্লে-অফে সবার চোখ ছিল লিওনেল মেসির ওপর। তবে এবার মেসির গোল ছাড়াই আটলান্টা ইউনাইটেডর বিপক্ষে জিতলো ইন্টার মায়ামি।
২৬ অক্টোবর(শনিবার) ভোরের দিকে মেজর লিগ সকারের ম্যাচে আটলান্টা ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়ে বিজয় লাভ করেন ইন্টার মায়ামি।
ম্যাচটিতে লিওনেল মেসি নিজে গোল না পেলেও সতীর্থ জর্দি আলবাকে অ্যাসিস্ট করে গোল করিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। দলের হয়ে আরেকটি গোল করেছেন মেসির লম্বা সময়ের সতীর্থ লুইস সুয়ারেজ। এই দুই গোলে আটলান্টা ইউনাইটেডকে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রেখেছে মায়ামি। আটলান্টার হয়ে একমাত্র গোলটি করেছেন সাবা লোবঝানিদজে।
এই জয়ে ইস্টার্ন কনফারেন্স পয়েন্ট টেবিলে মায়ামি শীর্ষস্থান ধরে রেখেছে । ৩৪ ম্যাচ খেলে দলটির ৭৪ পয়েন্ট অর্জন ।মেসি-সুয়ারেজের দলের ২২ জয় এবং ৮ ড্রয়ের পাশাপাশি ৪টিতে হেরেছে । নিকটতম প্রতিদ্বন্দ্বী কলাম্বাস ক্রুয়ের চেয়ে মেসির দল ৮ পয়েন্টে এগিয়ে আছে ।
চেজ স্টেডিয়ামে খেলা শুরুই হয় লুইস সুয়ারেজের গোলে। দুই মিনিটের মাথায় প্রতিপক্ষের ভুলে বল পেয়ে বক্সের ভেতর থেকে গোল করেন উরুগুইয়ান স্ট্রাইকার। সেই গোলেই ম্যাচের সুর বেঁধে নেয় মায়ামি।
এরপর তারা প্রতিপক্ষের উপর রীতিমতো ছড়ি ঘুরিয়েছে । সাত মিনিটে বক্সের বাইরে থেকে মেসির শট আটলান্টার গোলকিপার ব্রাড গুজান ঠেকিয়ে না দিলে কিন্তু মায়ামি ব্যবধানটা তখনই বাড়াতে পারত ।
সেই আক্রমণের ধারাতে ২৬ মিনিটে আবারও মেসির দুর্দান্ত এক শটে গোলের কাছাকাছি পৌঁছে গিয়েছিল । কিন্তু এবারও মেসির প্রচেষ্টাকে আটলান্টা গোলকিপার গুজান প্রতিহত করেন । মায়ামি ব্যবধানটা বাড়াতে না পারলেও আটলান্টা স্রোতের বিপরীতে ম্যাচের ৩৯ মিনিটে সমতা আসে ।এ প্রথমার্ধেই সমতাতেই শেষ হয় ।
বিরতির পর গোলের খোঁজে একের পর এক আক্রমণ চালিয়ে যায় মায়ামি। ৫২ মিনিটে ফ্রি-কিক থেকে সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন মেসি। ৫৬ মিনিটে মেসির তৈরি করে দেওয়া দারুণ এক আক্রমণ থেকে গোল করতে ব্যর্থ হন ডিয়েগো গোমেজ। তবে ৬০ মিনিটে মেসি-জর্দি আলবা যুগলবন্দীতে মায়ামি পেয়ে যায় কাঙ্ক্ষিত গোল।
বাঁ প্রান্ত দিয়ে গড়া আক্রমণে মেসি পাস বাড়ান আলবার উদ্দেশ্য। বল পেয়ে বক্সের বাইরে থেকে অনেকটা মেসি-স্টাইলেই শট নিয়ে বল জালে জড়ান আলবা। পিছিয়ে পড়ে আটলান্টা চেষ্টা করে ম্যাচে ফিরতে। দারুণভাবে কয়েকবার গোলের কাছাকাছিও যায় তারা কিন্তু ম্যাচে সমতা ফেরাতে পারেনি। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে মায়ামি পেয়ে যায় ২-১ গোলের জয়।
তিন ম্যাচের প্লে অফের দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াবে ৩ নভেম্বর ভোর ৫টায় মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে। আর ১০ নভেম্বর চেজ স্টেডিয়ামে শেষ ম্যাচে মুখোমুখি হবে মায়ামি ও আটলান্টা।