কবি,মুহাম্মদ সিরাজুল ইসলাম।
তুমি ফুলের গন্ধ পেলে
ভাতের গন্ধ পাই,
তাই তো আমি ফুল বেচি গো
রাস্তার মোড়ে ঠাঁই।
এই বয়সে থাকার কথা
পাঠশালাতে ভাই,
ক্ষুধার জ্বালা নিবারণে
ফুল বেচতে যাই।
আমার মতো কত শিশু
এই না পথে রয়,
মনে তাদের দুঃখ ভরা
কাকে গিয়ে কয়?
ও সাহেব স্যার নাও না একটি
কাঁটা-গোলাপ ফুল,
একটি টাকায় একটি গোলাপ
আমি পাবো কূল।
বস্তিঘরে জন্ম নিলাম
ছিল সুখের আশ,
অভাব এসে ধরলো ঘিরে
হলো সর্বনাশ।
আমারও যে স্বপ্ন ছিল
কল্পনাতে রাজ,
শিক্ষাদীক্ষা নিয়ে আমি
মাথায় দেবো তাজ।
গোলাপ হাতে রাস্তায় আসি
ফুলওয়ালী কয়,
হাসিমুখে ফুল বেচি গো
দুঃখ বুকে রয়।