লেখকঃ– মুন্সী মোঃ মুহিব্বুল মুত্তাকিন
অবিনাশী লেখা আজও জ্বল জ্বল করে মহাগ্রন্থের ভিড়ে
ধরণীর বুকে আসবেনা কভু নজরুল তুমি ফিরে?
তোমার লেখা অগ্নিবীণা হৃদয়ে তুলিল সুর
স্মৃতিগুলো আছে' নেই শুধু তুমি চলে গেছো বহুদূর।
বিষের বাঁশি বাজিছে হৃদয়ে' তোমাকে খুঁজে না পাই
খোদার সকাসে তোমার জন্যে শান্তির দোয়া চাই,
জাত-পাত ভুলে লিখেছিলে তুমি সংগ্রামী কবিতা
যুগে যুগে রবে প্রবাহমান স্মৃতি' নেই তার বারতা।
চেতনাময়ী বিদ্রোহী তুমি' প্রতিবাদী নজরুল
শত্রু বিনাশে দুলতো বাতাসে তোমার ঝাঁকড়া চুল,
গরিব ঘরেতে জন্ম তোমার' কষ্টে জীবন গড়া
বিধাতার দানে প্রতিভা বিকাশে জয় করেছিলে ধরা।
নবীন-প্রবীন শ্রদ্ধা বিনয়ে তোমারে স্মরণ করে
বেঁচে আছো তুমি ভক্তি বিলাশে মানবের অন্তরে,
সাহিত্য কাননে ফুটে আছে ওগো তোমার নামেতে ফুল
অনন্তকাল বেঁচে রবে তুমি মহাকবি নজরুল।