বাগেরহাট সদর উপজেলায় অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৪ মার্চ) দুপুরে সদর উপজেলার বাদেকাড়াপাড়া এলাকায় একটি বসতঘরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সৈয়দ মুনির হোসেন খোকন (৪১) ও তার স্ত্রী রেশমা আক্তার (৩৪)-কে আটক করা হয়।
অভিযানকালে তাদের ঘর তল্লাশি করে ২ হাজার পিস ইয়াবা, নগদ ৬৪ হাজার ২০০ টাকা এবং দুটি মোবাইল ফোন সেট জব্দ করা হয়।
অধিদপ্তর সূত্রে জানা যায়, আটককৃত মুনির হোসেন খোকন ও রেশমা আক্তার দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
এ ঘটনায় বাগেরহাট সদর থানার পরিদর্শক এস.এম. জাফরুল আলম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।
পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।