নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের চাঁদপুর গ্রামে দুইপক্ষের সংঘর্ষে সুলতান মোল্যা (৬৫) নিহত হয়েছেন। এছাড়া উভয়পক্ষের ৫ জন আহত হয়েছেন।
৪ নভেম্বর (সোমবার) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। ডিএমসি নিউজ ২৪ কে বলেন, পুরুলিয়া ইউনিয়ন পরিষদ সদস্য চাঁদপুর গ্রামের জামাল এবং শরিফুল পক্ষের মধ্যে গ্রাম্যআধিপত্য বিস্তার কে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এর জের ধরে সুলতানকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী ও পুলিশ। নিহত সুলতান মোল্যা শরিফুল পক্ষের সমর্থক ছিলেন।
এদিকে, হত্যাকান্ডের পর জামাল পক্ষের বাড়িতে লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া যায় । ভুক্তভোগীরা বলেন, তাদের বাড়ি থেকে গরু, স্বর্ণালংকারসহ বিভিন্ন জিনিসপত্র অনেক লোক এসে লুটপাট করে নিয়ে যায়।
এ বিষয়ে কালিয়া থানার ওসি কাছে জানতে চাইলে তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।