বুধবার , ১৩ মে ২০২৬ , সকাল ০৬:৪৮
ব্রেকিং নিউজ

প্রাচীনতম ঈদগাহ ও কবরস্থান মধুমতির গর্ভে বিলীন প্রায়, পানি উন্নয়ন বোর্ডের নীরবতা প্রশ্নবিদ্ধ

রিপোর্টার : মো মনিরুজ্জামান চৌধুরী নড়াইল জেলা প্রতিনিধি
প্রকাশ : মঙ্গলবার , ২২ জুলাই ২০২৫ , সকাল ১১:১৫

নড়াইল জেলার কালিয়া উপজেলার নড়াগাতী থানাধীন সরসপুর ও পহরডাঙ্গা গ্রামের শতবর্ষী ঈদগাহ ও কবরস্থান আজ বিলুপ্তির দ্বারপ্রান্তে। মধুমতি নদীর ক্রমাগত ভাঙনে এই ঐতিহাসিক ধর্মীয় স্থাপনাগুলো প্রায় বিলীন হয়ে যাচ্ছে। অথচ এখনো পর্যন্ত নদীভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের (পাউবি) কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়েনি।

ঐতিহ্যবাহী এই দুই গ্রামের হাজারো মানুষ যুগের পর যুগ ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজ একত্রে আদায় করে আসছেন এই ঈদগাহে। পাশাপাশি কবরস্থানে শায়িত রয়েছেন বহু পূর্বপুরুষ। কিন্তু দিন দিন জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে নদীভাঙনের ভয়াবহতা এমন পর্যায়ে পৌঁছেছে যে, ঈদের জামাত একত্রে আদায় করাও কঠিন হয়ে পড়েছে।

ঈদগাহ ও কবরস্থানের দক্ষিণ পাশে রয়েছে চাপাইল-কালিয়া প্রধান সড়ক, আর উত্তরে প্রবাহিত হচ্ছে ভাঙনপ্রবণ মধুমতি নদী। নদীর প্রবল তোড়ে ইতোমধ্যেই ঈদগাহ ও কবরস্থানের একাধিক অংশ নদীগর্ভে চলে গেছে।

ঈদগাহ ও কবরস্থান পরিচালনা কমিটির সভাপতি সিকদার আহসান আলী (লাবু) বলেন, “বছরের পর বছর এলাকাবাসী স্বেচ্ছাশ্রমে নদীতীরে গাছ লাগিয়ে ভাঙন প্রতিরোধের চেষ্টা করেও কার্যকর ফল পাইনি। আবার ভাঙন শুরু হয়েছে, এবার হয়তো স্থায়ীভাবে সবকিছু নদীতে হারিয়ে যাবে।”

স্থানীয় ইউপি চেয়ারম্যান মল্লিক মাহমুদুল ইসলাম বলেন, “ভাঙন এখন চরম আকার ধারণ করেছে। আমরা দ্রুত পাউবি নড়াইল অফিসে লিখিত আবেদন করব। প্রয়োজনে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে মানববন্ধনও করব।”

স্থানীয়দের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ড নিরব দর্শকের ভূমিকা পালন করছে। অথচ এটি শুধু ধর্মীয় স্থাপনা নয়, শত বছরের ইতিহাস ও সংস্কৃতির স্মারক—যা সংরক্ষণ করা রাষ্ট্রীয় দায়িত্বের মধ্যেই পড়ে।

এলাকাবাসীর দাবি, ঈদগাহ ও কবরস্থান রক্ষায় দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণসহ নদীভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হোক, যেন ভবিষ্যৎ প্রজন্ম এই ঐতিহ্য থেকে বঞ্চিত না হয়।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১