নড়াইলের কালিয়ায় ইটভাটা চালু রাখা ও অভিযান বন্ধের দাবিতে বুধবার (৫ মার্চ) দুপুর ১২টার সময় স্মারকলিপি প্রদান করেন।
মহামান্য হাইকোর্ট বিভাগ কর্তৃক এক প্রজ্ঞাপনে আগামী ৭মার্চের মধ্যে দেশের সকল অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। ওই প্রজ্ঞাপনের প্রতিবাদে দেশব্যাপী জেলা ও উপজেলা পর্যায়ে ইটভাটা মালিক-শ্রমিকরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে আসছে। এরই ধারাবাহিকতায় গতকাল ৪ মার্চ জেলা প্রশাসক ও ৫ মার্চ কালিয়া উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধান উপদেষ্টা ও পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে কালিয়া উপজেলার ইট প্রস্তুতকারক মালিক সমিতির নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন নড়াইল জেলার ইট প্রস্তুতকারক মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মল্লিক মানিরুল ইসলাম, এস এম খায়রুল, হাবিবুর রহমান, তারেখ, রহিম, চৌধুরী আনিচুর রহমানসহ ইটের ভাটায় কর্মরত শত শত শ্রমিক।
এসময় বক্তারা বলেন,লক্ষাদিক শ্রমিকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে,ইটভাটা বন্ধ হয়ে গেলে এই লোকগুলো বেকার হয়ে পড়বে। এছাড়াও প্রায় প্রতিটি ইট ভাটার বিপরীতে ১ কোটি টাকার উপরে ব্যাংক লোন রয়েছে। এই ভাটা সমূহ বন্ধ হয়ে গেলে সমূদয় ব্যাংক লোন অনাদায়ী থেকে যাবে। এ ছাড়া ইট ভাটার মালিকগণ বছরে হাজার হাজার কোটি টাকার অধিক রাজস্ব দিয়ে থাকেন বলে দৃষ্টি আকর্ষণ করেন।