মঙ্গলবার , ১২ মে ২০২৬ , রাত ১১:৩৮
ব্রেকিং নিউজ

এমি মার্টিনেজ নৈপুণ্যে সেমিতে আর্জেন্টিনা

রিপোর্টার : স্পোর্টস ডেস্ক || ডিএমসি নিউজ২৪.কম
প্রকাশ : শুক্রবার , ৫ জুলাই ২০২৪ , সকাল ১১:১৫

টাইব্রেকারে ইকুয়েডরকে হারিয়ে সেমিতে পা রাখল আর্জেন্টিনা। নির্ধারিত ৯০ মিনিটে ১-১ গোলে ড্র থাকায় খেলা গড়ায় টাইব্রেকারে। মেসি টাইব্রেকার মিস করলেও ৪-২ লক্ষ্যভেদের ব্যবধানে জিতে নেন লিওনেল স্কালোনির শিষ্যরা।

বাংলাদেশ সময় সকাল ৭টায় যুক্তরাষ্ট্রের হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে ম্যাচটি  শুরু হয়।

ইকুয়েডরের বিপক্ষে শুরু থেকেই ছিলেন লিওনেল মেসি। ম্যাচের শুরু থেকেই আর্জেন্টিনাকে বেশ চাপেই রেখেছিল ইকুয়েডর। বেশ কয়েকবার অ্যাটাকে গেলেও গোলের দেখা পায়নি ইকুয়েডর। তবে ম্যাচের দৃশ্যপট পাল্টে যায় আর্জেন্টিনা লিড নিলে।

ম্যাচের ৩৪ মিনিটে ম্যাক এলিস্টারের অ্যাসিস্টে হেড থেকে গোল করে দলকে এগিয়ে দেন আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ। ১ গোলের লিড নিয়ে বিরতিতে যান মেসিরা।

ম্যাচের ৫৯ মিনিটে কর্নার থেকে ডি-বক্সের ভেতর রড্রিগো ডি পলের হাতে বল লাগলে রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেন। পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেওয়ার সুযোগ থাকলেও স্পট কিক থেকে বল গোলবারে মারেন ইকুয়েডরের অধিনায়ক এনার ভ্যালেন্সিয়া।

আর্জেন্টিনা যখন উদযাপন করার প্রস্তুতি নিচ্ছিল, তখন ম্যাচের ইনজুরি টাইমে দুর্দান্ত এক হেডে  কেভিন রড্রিগেজ গোল করে ইকুয়েডরকে সমতায় ফেরান। কোপায় কোনো অতিরিক্ত সময়ের নিয়ম না থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

ম্যাচ গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে ইকুয়েডরকে ৪-২ ব্যবধানে হারায় আর্জেন্টিনা। এখানেও ত্রাতা হয়ে এলেন আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ।

মেসির পেনাল্টি মিসের পর টানা দুটি সেভ করে ম্যাচের পার্থক্য গড়ে দেন এই গোলরক্ষক। তাতে সেমিফাইনাল নিশ্চিত করেন ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১