দীন মুহাম্মদ
জীবন চলার পথে মানুষ
নানান ব্যবসা করে
ব্যবসা কারো জীবিকা কেউ
শখেও ব্যবসা করে।
ফুলওয়ালীর ব্যবসা ভালো
সাজায় বাসরঘর
ফুল দিয়ে সে জীবন সাজায়
নেই তো আপনপর।
ফুল দিয়ে সে মঞ্চ সাজায়
সাজায় বিয়েবাড়ি
উপহারের জন্য বানায়
নানান ফুলের তাড়ি।
যে যা বলুক ক্ষৌরকারের
ব্যবসা খুবই খাঁটি
অল্প দামে পরের সুরত
সাজায় পরিপাটি।
গরিব ধনী ফর্সা কালো
যে তার কাছে যায়
তার দোকানে সব লোকেই
সমান সেবা পায়।
ভীষণ বাজে ব্যবসা করে
মদের দোকানদার
ভাবেই না সে শেষ হলো কে
ভেঙেছে ঘর কার।
সমাজটা যে ধ্বংস হলো
খেয়াল নাইতো তার
মানবতার শত্রু নাই
তার মতো কেউ আর।
সবার চেয়ে সে মেয়েটির
ব্যবসা নিম্নমান
যে মেয়েটি বাঁচার জন্য
বিকায় নিজের মান।
সেই বাঁচা তো বাঁচাই নয়
চিতা বহ্নিমান
তারচে বরং ভিক্ষা করে
বাচাঁনো যায় প্রাণ।