বুধবার , ১৩ মে ২০২৬ , ভোর ০৪:৪৩
ব্রেকিং নিউজ

বাংলাদেশ ম্যাচের আগে ভারতের অসন্তোষ

রিপোর্টার : স্পোর্টস ডেস্ক || ডিএমসি নিউজ২৪.কম
প্রকাশ : শনিবার , ১ জুন ২০২৪ , রাত ০১:০৯

আগামীকাল নিজেদের একমাত্র ওয়ার্ম-আপ ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। ম্যাচটির ভেন্যু নিউ ইয়র্কের নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে। মাত্র চার মাস সময়ের মধ্যে তৈরি স্টেডিয়ামটিতে অবশ্য অনুশীলনের সুযোগ-সুবিধা নেই।

এই মাঠে খেলা থাকা দলগুলোকে তাই নাসাউ ক্রিকেট স্টেডিয়ামের অদূরে ক্যান্টিয়াগ পার্কে অনুশীলন করতে হবে।

বাংলাদেশের বিপক্ষে ওয়ার্ম-আপ ম্যাচটি সামনে রেখে গত বুধবার এখানেই অনুশীলন করেছে ভারত। যদিও ভারতীয় সংবাদমাধ্যমের খবর, অনুশীলনের সুবিধা নিয়ে দলটির প্রধান কোচ রাহুল দ্রাবিড় অসন্তোষ প্রকাশ করেছেন।

প্রথম দিনের অনুশীলনে ছয়টি ড্রপ-ইন পিচের মধ্যে তিনটিতে নেট সেশন করেছেন ভারতের ব্যাটাররা। ভারতের সংবাদমাধ্যম নিউজ১৮ জানিয়েছে, প্র্যাকটিস শেষে দ্রাবিড় উদ্বেগ জানিয়েছেন।

নিউজ১৮ একটি ঘনিষ্ঠ সূত্রের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছে।

সূত্রটি জানিয়েছে, 'পিচ থেকে শুরু করে অন্যান্য সুযোগ–সুবিধা—এই মাঠের সবকিছুই অস্থায়ী। এটা বলা নিরাপদ হবে এখানকার সবকিছুই গড়পড়তা মানের। এ নিয়ে উদ্বেগ জানিয়েছে দল।

' এরপর আইসিসির কাছ থেকে এ বিষয়ে জানার চেষ্টা করে সংবাদমাধ্যমটি। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা যদিও ভারতের অসন্তোষের ব্যাপারে সায় দেয়নি। আইসিসি জানিয়েছে, 'ক্যান্টিয়াগ পার্কের অনুশীলন সুবিধা নিয়ে কোনো দল অভিযোগ বা উদ্বেগ প্রকাশ করেনি।'

এছাড়াও সংবাদ মাধ্যমটি আরো জানিয়েছে, পর্যাপ্ত খাবারের ব্যবস্থাও ছিল না মাঠে। খেলোয়াড়রা এ নিয়ে খুশি ছিলেন না।

 বিসিসিআইয়ের পক্ষ থেকেও খাবার নিয়ে উদ্বেগ জানানো হয়েছে। সাংবাদিকদের বক্সের মাধ্যমে  খাবার পরিবেশন করা হয়েছিল।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১