মঙ্গলবার , ১২ মে ২০২৬ , রাত ১১:১৯
ব্রেকিং নিউজ

নড়াইলের কালিয়ায় বোমা বিস্ফোরণে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী আহত

রিপোর্টার : নড়াইল জেলা প্রতিনিধি
প্রকাশ : বৃহঃস্পতিবার , ১৫ জানুয়ারী ২০২৬ , রাত ১০:৫৯

নড়াইলের ছোট কালিয়া তেমাথা মোড়ে বোমা সদৃশ্য একটি বস্তু বিস্ফোরণে এক স্কুল শিক্ষার্থী আহত হয়েছে। ১৫ জানুয়ারি( বৃহস্পতিবার) সকালের দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায় আহত শিক্ষার্থীর নাম আলিফ শেখ (১০)। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। বিস্ফোরণে আহত হওয়ার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ছোট কালিয়া তেমাথা মোড়ে একটি পরিত্যক্ত ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। খেলার ছলে কৌতূহলবশত আলিফ ওই ব্যাগটি নাড়াচাড়া করলে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে আলিফ গুরুতরভাবে আহত হয় এবং আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়ে।

খবর পেয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসনের সদস্যরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা এলাকাটি ঘিরে রেখে প্রাথমিক আলামত সংগ্রহ করেন। বিস্ফোরিত বস্তুটি আসলেই বো'মা নাকি অন্য কোনো বিস্ফোরক দ্রব্য—তা তদন্ত ও ফরেনসিক পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা জনবহুল এলাকায় এ ধরনের বিপদজ্জনক বস্তু পড়ে থাকার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত তদন্ত করে দোষীদের চিহ্নিত করার দাবি জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, ঘটনার পেছনে কারা জড়িত এবং কী উদ্দেশ্যে ওই বস্তুটি সেখানে রাখা হয়েছিল—তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।


 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১