চুয়াডাঙ্গা জেলার দর্শনায় বাংলাদেশ সেনাবাহিনী অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি শাহাবুল হোসেন (৫২) একাধিক মামলার আসামিকে গ্রেপ্তার করেছে। ১১(ডিসেম্বর) বুধবার বিকেলে তাকে আদালতে তোলা হয়।
গত মঙ্গলবার দিনগত রাতে তাকে দর্শনা পৌর এলাকার রামনগর গ্রামের নিজ বাড়ি থেকে সেনা অভিযানে গ্রেপ্তার করা হয় । গ্রেপ্তার শাহাবুল হোসেন একই গ্রামের গোলজার হোসেনের ছেলে। মেজর জাহাঙ্গীর আলম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
সূত্রে জানা গেছে, শীর্ষ সন্ত্রাসী শাহাবুল হোসেনের বিরুদ্ধে মাদক, চোরাকারবারী, অবৈধ অস্ত্র, ডাকাতি ও অগ্নি সংযোগসহ বিভিন্ন থানায় ১০টি মামলা রয়েছে। তিনি দেশীয় বোমা ও ককটেল তৈরিতে সিদ্ধহস্ত। কিছু বছর আগে বোমা বিস্ফোরণে তার ডান হাত উড়ে যায়। গত ৫ আগস্ট পরবর্তী সময় শাহাবুল দর্শনায় বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছিলেন। সে মাদক কারবারির ত্রাস হিসেবে এলাকায় পরিচিতি লাভ করেছে। গত মঙ্গলবার দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে সেনাবাহিনীর একটি টিম।
চুয়াডাঙ্গা সেনাবাহিনী ক্যাম্পের মেজর জাহাঙ্গীর আলম বলেন, গ্রেপ্তারকৃত আসামি দুপুরে দর্শনা থানা পুলিশের কাছে হস্তান্তর করবার পর বিকেলে তাকে আদালতে সোপর্দ করে পুলিশ। পরে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন চুয়াডাঙ্গা আদালত।