বুধবার , ১৩ মে ২০২৬ , সকাল ০৯:৪৫
ব্রেকিং নিউজ

শামি বললেন,অর্জুন পুরস্কার হাতে নিয়ে ইংল্যান্ড সিরিজে ফিরবো

রিপোর্টার : ডিএমসি২৪ ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার , ৯ জানুয়ারী ২০২৪ , বিকাল ০৩:০০


বিশ্বকাপে অপরাজিত থেকে ফাইনালে উঠলেও শিরোপা জিততে পারেনি ভারত। তবে দুর্দান্ত বোলিংয়ের পুরস্কার ঠিকই পেয়েছেন মোহাম্মদ শামি। ডানহাতি এই পেসারকে দেশটির ক্রীড়া জগতের দ্বিতীয় সর্বোচ্চ সম্মাননা অর্জুন পুরস্কারে ভূষিত করেছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (বিসিসিআই)। আজ মঙ্গলবার দিল্লিতে সেই পুরস্কার হাতে পেয়েছেন শামি।
ইনজুরির কারণে বিশ্বকাপের পর থেকে ভারতীয় দলের বাইরে থাকা ক্রিকেটার শামি পুরস্কার হাতে নিয়ে নিজের বিষয়ে আপডেট জানিয়েছেন। ডানহাতি এই পেসার আশা করছেন, ২৫ জানুয়ারি থেকে ইংল্যান্ডের বিপক্ষে শুরু হতে যাওয়া পাঁচ দিনের সিরিজ দিয়েই দলে ফিরবেন তিনি।ভারতীয় গণমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’কে দেওয়া সাক্ষাৎকারে শামি বলেন, ‘আমার পুনর্বাসন ভালোভাবে চলছে এবং এনসিএ (ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি) এর চিকিৎসা বিশেষজ্ঞরা আমার অগ্রগতিতে খুশি। আমার পায়ের গোড়ালিতে সামান্য কাঠিন্যতা আছে কিন্তু এটি ভালো আছে। আমি আমার অনুশীলন সেশন শুরু করেছি এবং আমি বিশ্বাস করি আমি ইংল্যান্ড সিরিজে ফিরে আসতে পারব।’

সম্প্রতি শেষ হওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রাথমিক স্কোয়াডে নাম ছিল শামির। তবে ফিটনেসের কারণে দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকা সফরে যেতে পারেননি তিনি। এমনকি ১১ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে স্কোয়াডে নেই শামি।প্রোটিয়াদের বিপক্ষে সিরিজ নিয়ে শামি বলেন, ‘সবাই অবদান রেখেছে এবং আমাদের বোলিং প্রচেষ্টা দুর্দান্ত ছিল। সিরিজে সমতা আনতে ভারত দুর্দান্তভাবে ফিরে এসেছে। দুর্ভাগ্যবশত, আমি চোটের কারণে এটা মিস করেছি। কিন্তু আমি যত তাড়াতাড়ি সম্ভব প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরে যেতে চাই। আশা করছি, ইংল্যান্ডের বিপক্ষে আপনি আমাকে আবার খেলায় দেখতে পারবেন।’

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১