শামীমা খালিদ শাম্মী
বদলেছি অবহেলায় নিরবে গোপনে
বুঝতে না পারার অব্যক্ত অভিমানে,
মানিয়ে নেওয়ার রাস্তার শেষ দিগন্তে,
ধৈর্যের বাঁধ ভেঙ্গে কান্নার নোনা জলে
হৃদয়ে রক্ত ক্ষরণে,বদলাতে হয় বলে।
মিছে মন আনচান,বদলেছি কতখানি
দোষ ছিল কার, কে করেছে বেশি অভিমান,
বদলেছি মনের দেওয়াল, শ্বেত শুভ্র থেকে রক্তাক্ত লাল
বদলেছি স্বতঃস্ফূর্ত জীবন, সাজিয়ে চিতার অনল।
সময়ের তাল লয় সুর সবি আছে আগের মতন
শুধু পাল্টেছি আবেগ অনুভূতির প্রকাশ,
সহ্য করতে শিখে গেছি না পাওয়ার তীব্র যন্ত্রণা
অভ্যস্ত হয়ে গেছি বাস্তবতা ভরা সময়ে।
হজম করতে শিখে গেছি কথার বাক্যবাণ
দু:খকে কবর দিয়ে,অশ্রুজল লুকিয়ে
চোখের ভাষায় ঠোঁটের কোণে হাসির আভায়,
আবেশিত বাহ্যিক প্রকাশে হৃদয় পুড়াতে পেরেছি।
আজ একদম পুরোটাই বদলে ফেলেছি নিজেকে
আহত পাখির মত ডানা ঝাপটাই না,
বোবা দৃষ্টি কাঁদেনা আর ভুলে গেছে বেখেয়ালে
ভুলে গেছে অনাদরে অশ্রুসিক্ত নয়ন যূগল।
বদলে যায় অহর্নিশ সব কিছু
কেউ বদলায় ব্যস্ততায়, কেউ বদলায় বাস্তবতায়,
আমি ও না হয় বদলে গেলাম নিরবতায়
শূন্য বৃন্ত ঘরে বড্ড বেশি অবেলায়।