লেখক :-জাবের মীর
অটোরিক্সা চলবে না বলে সরকারী নির্দেশনা আবার অটোরিক্সাওয়ালাদের তুলে দেয়ার বিরুদ্ধে আন্দোলন পেস বোলিং এর চেয়েও গতি পেয়েছে।পক্ষে বিপক্ষে মতামত আছে,থাকবেই কিন্তু কথা হচ্ছে এদেশে বহু অনিয়মের নিরন্তর চর্চা অব্যাহত থাকলেও মাঝে মধ্যে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয় ঐ সেই অসহায় বুভুক্ষু মানুষের বিরুদ্ধে। অটোবাইক ও অনিয়ন্ত্রিত গতির মাহেন্দ্র চললে ক্ষতি নাই কিন্তু গরীবের উপার্জনের বাহন অটোরিক্সা চললে ক্ষতি,আজব দেশের বিচিত্র আইন!আচ্ছা, অটোরিক্সা তৈরির কারখানা গুলো তো সর্বত্র বাধাহীনভাবে অটোরিক্সা তৈরি করছে প্রশাসনের চোখের সামনে তা সে গুলো অর্থাৎ উৎপাদনের কারখানা গুলো চালু রেখে ঐ উৎপাদিত দ্রব্য ক্রয় করে কাজে লাগালে সেটা অবৈধ বা নিষিদ্ধ হয় কিভাবে!এতো সন্ত্রাসের গডফাদারকে লালন পালন করে সন্ত্রাসীদেরকে নির্মুল করার ভুল পদ্ধতি অনুসরণ করার মতো!নাকি ওগুলো টাকাওয়ালা ক্ষমতাধর রুই কাতলাদের নিয়ন্ত্রণে তাই সেখানে আইন অন্ধ!তবে হ্যাঁ,নির্দিষ্ট কিছু গুরুত্বপূর্ণ শহর,রাস্তা, জায়গাতে অটোরিক্সার চলাচল নিষিদ্ধ বা সীমিত হতে পারে তবে তা সহনীয় পর্যায়ে ধীরে সুস্থে আর ভবিষ্যতে যাতে সংখ্যা আরও না বৃদ্ধি পায় তার জন্য অটোরিক্সা তৈরির কারখানা আগে বন্ধ করতে হবে।আর হঠাৎ করে জোরজবরদস্তি করে বন্ধ করলে এই বিশাল শ্রমজীবী জনগোষ্ঠী কোথায় যাবে সেটাও মাথায় রেখে এগুতে হবে।প্রয়োজনে এদেরকে লাইসেন্স দিয়ে, বডি সঠিকভাবে তৈরির দিকনির্দেশনা দিয়ে গতি নিয়ন্ত্রিত করে নির্দিষ্ট জায়গা,শহর,রাস্তা বাদে অন্যান্য জায়গায় চলাচল করতে দেয়া যেতে পারে।