কবি:-
কামরুল ইসলাম
এত খেলা পার করে যেখানে এলাম
সবই অন্যের কাহিনি, রঙে ও আঙ্গিকে-
কিছুটা শীতের ইশারায় প্রকম্পিত এই বন
থেকে ঝরে পড়ছে সেই পাতারা যারা একদিন
পুরনো দিনের বৈঠকখানার বিবিধ গল্পের
দীর্ঘশ্বাস নিয়ে উড়ে গিয়েছিল সহি সালামতে
কান পেতে রাখি গুহাবাসী গিরগিটির গানে,
সুলভে প্রাপ্ত এই সাদা গোলাপের চারা থেকে
আহরিত অন্ধকার রাজমিস্ত্রীর উষ্ণ চেতনায়
ভোরের আখ্যান নিয়ে সাঁই সাঁই ছোটে--
আর্দ্রতা নিয়ে যে কাঁকড়ার সন্তানেরা সমুদ্র
তীরের বালির গর্ত থেকে বের হয়ে বিকেলের
রঙের মধ্যে ডুবে যায়, তারাই আমার
পরিমিত দুগ্ধস্নান, মায়াবী সাঁকোর দুলুনি
হৃদয়ের গোপন ইশারায় তুমি অস্থির দোযখ
পেরিয়ে লীলাময় রক্তের ভেতরে ঘুমুতে যাও,
আমি শুদ্ধ জ্বরের ঘোর নিয়ে যে কুয়াশা পড়ি
তা যে তোমারই রচিত নিদ্রাহীন সমুদ্রকাহিনি...