রাজশাহীর মোহনপুর উপজেলার ০৬ নং জাহানাবাদ ইউনিয়নে জাতীয়তাবাদী চেতনার আপোষহীন দেশনেত্রী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী এবং বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জাহানাবাদ ইউনিয়নবাসীর উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিল উপলক্ষে মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট শফিকুল হক মিলন। তিনি বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক, নির্বাহী কমিটির সদস্য এবং রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক।
অনুষ্ঠানে বক্তব্যে এ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন দেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার আপসহীন নেত্রী। তাঁর রাজনৈতিক সংগ্রাম ও ত্যাগ দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
দোয়া মাহফিলে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে মরহুমার আত্মার শান্তি কামনা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।