সারা দেশে বৃষ্টিপাতের এলাকা অনেকটাই কমেছে আজ শুক্রবার। এতে বেড়েছে দিনের তাপমাত্রা। দেশের ২৮ জেলার ওপর দিয়ে বয়ে গেছে তাপপ্রবাহ। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামীকাল শনিবার ও পরদিন রবিবারও এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
সেই সঙ্গে অতিরিক্ত আর্দ্রতার কারণে অস্বস্তিকর গরম বিরাজ করতে পারে সবখানেই।
সারা দিন দেখা না মিললেও আজ শুক্রবার বিকাল ৪টার পরে বৃষ্টি নামে রাজধানীতে। এতে ভাপসা গরম থেকে কিছুটা হলেও মুক্তি মেলে রাজধানীবাসীর। বিকালে ঢাকায় আট মিলিমিটার বৃষ্টি হয় বলে জানানআবহাওয়া অফিস ।
এক ঘণ্টার বৃষ্টিতে নগরীর কোথাও কোথাও জলাবদ্ধতাও তৈরি হয়।
তবে রাজধানীতে বৃষ্টি হলেও আজ দেশে সামগ্রিকভাবে বৃষ্টিপাতের এলাকা কমেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের ২৩ জেলায় বৃষ্টি হয়েছে। সর্বোচ্চ বৃষ্টি হয়েছে চট্টগ্রামে, ৫৪ মিলিমিটার।
এ ছাড়া দিনাজপুরে ৫১ মিলিমিটার ও গাজীপুরে ৩৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, আজ খুলনা ও বরিশাল বিভাগের সব জেলা এবং টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, রংপুর, নীলফামারী, পঞ্চগড়, কুড়িগ্রাম ও চাঁদপুর জেলার ওপর দিয়ে মৃদু (৩৬ - ৩৭.৯ ডিগ্রি) থেকে মাঝারি (৩৮ - ৩৯.৯ ডিগ্রি) তাপপ্রবাহের গেছে।
আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায়, ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় এ সময় সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৫ ডিগ্রি রেকর্ড করা হয়।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে আজ দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
তবে অন্য বিভাগগুলোতে তা কিছুটা বাড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক কালের কণ্ঠকে বলেন, ‘মৌসুমি বায়ু এখনো পুরোপুরি সক্রিয় নয়, কিছুটা দুর্বল অবস্থায় রয়েছে। ফলে বৃষ্টি কম হচ্ছে। এ রকম পরিস্থিতি আরো কিছুদিন থাকতে পারে। তবে মৌসুমি বায়ু শক্তিশালী হয়ে আগামী ১৩ জুন থেকে সারা দেশে বৃষ্টি বাড়তে পারে।’