গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট জামিল হাসান দুর্জয়কে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৭ এপ্রিল) বিকেলে পাশের সদর উপজেলার সাবাহ্ গার্ডেন রিসোর্টে কর্মিসভার আয়োজন করায় ওই জারিমানা করা হয়।
গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. মামুনুল করিম বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, শনিবার গাজীপুর সদরের সাবাহ্ গার্ডেন রিসোর্টে বিকালে শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট জামিল হাসান দুর্জয় এক কর্মিসমাবেশ আয়োজন করেন।
খবর পেয়ে সেখানে বিকেল ৫টার দিকে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ইশতিয়াক মজনুন ইশতি। প্রতীক বরাদ্দের পূর্বে প্রচারণা চালানোয় উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা ২০১৬-এর ৫ ধারার লঙ্ঘন করায় প্রার্থীকে ৪০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
এদিকে এক উপজেলার প্রার্থী পাশের উপজেলায় কর্মিসভার আয়োজনের খবর পেয়ে তথ্য সংগ্রহ করতে সাংবাদিকরা সেখানে যান। এ সময় নেতাকর্মীরা সাংবাদিকদের প্রথমে ঢুকতে বাধা দেয়।
সাংবাদিকরা কৌশলে সেখানে প্রবেশ করে ছবি ও ভিডিও ধারণ করতে চাইলে তাদের বাধা দেওয়া হয় এবং কয়েকজনের মোবাইল কেড়ে নেওয়া হয়। পরে জয়দেবপুর থানা পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।
এ বিষয়ে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইব্রাহিম খলিল জানান, ভ্রাম্যমাণ আদালত চলে যাওয়ার পর কয়েকজন সাংবাদিকরে সঙ্গে সেখানে উপস্থিত নেতাকর্মীদের উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এ সময় সেখানে উপস্থিত জয়দেবপুর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) শাহজালাল ও মো. মমিনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
ওই দুই পুলিশ কর্মকর্তা সাংবাদিকদের সেখান থেকে নিরাপদে চলে আসার ব্যবস্থা করেন।
এর আগে গত ২১ এপ্রিল মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের দায়ে জামিল হাসান দুর্জয়কে শোকজ করা হয়।