ঈদে মিলাদুন্নবী উপলক্ষে প্রস্তুতি সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করায় নারায়ণগঞ্জের বন্দর থানাধীন মদনপুর এলাকায় দেওয়ানবাগ মাজারে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে ১ জন নিহত ও কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন।
৬ই সেপ্টেম্বর, রোজ শুক্রবার সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে বলে বন্দর থানার ওসি গোলাম মোস্তফা জানান। তারা ঢাকা মেডিকেল কলেজ এবং বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া নাম প্রকাশে অনিচ্ছুক একজন স্বেচ্ছাসেবক বলেন, ‘সকাল ৬টার দিকে মাজারবিরোধী কিছু ব্যক্তি হামলা চালিয়ে প্রথমে দেওয়ানবাগ শরীফে ঢুকে ভাঙচুর করে। তখন ভেতরে থাকা লোকজন তাদের বাধা দিলে হামলাকারীরা তাদের মারধর করে এবং তাদেরকে মারাত্মকভাবে জখম করে। পরে তারা আগুন লাগিয়ে পালিয়ে যায়।’ পরে দুপুরে আরেক দফায় সেখানে হামলা ও লুটপাট চালানো হয় বলে জানান স্থানীয়রা। এ ঘটনায় আহতদের প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-সহ বিভিন্ন সরকারি হাসপাতালে পাঠানো হয় বলে জানিয়েছেন ওসি গোলাম মোস্তফা। গতকাল মো. জাকির ঘটনাস্থলে গুরুতর আহত হলে তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে পরে তাকে হৃদরোগ ইনস্টিটিউটে প্রেরণ করা হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
ওসি গোলাম মোস্তফা বলেন, ‘একদল মানুষ সকালে মাজারের ভেতর ঢুকে ভাঙচুর চালায়। পরে সেখানে আগুনও দেয়। কারা এই কাণ্ড ঘটিয়েছে তা এখনো চিহ্নিত করা যায়নি। তবে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।’
তিনি আরও জানান,এই ঘটনার পর দুপুরে জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার ঘটনাস্থল পরিদর্শন করেন।