শামীমা খালিদ শাম্মী
তোমার নামটি লিখে দাও প্রিয়
আমার হৃদয়ের খুব গহীনে,
অন্ত:পুর জুড়ে যেখানে শুধুই তোমার বসবাস,
তোমায় এঁকে দাও পাঁজরের নিচে হৃদপিণ্ডে
আমার উঞ্চ অধরে স্বপ্নের নানা মুহূর্তে,
লিখে দাও তোমাকে আমার মস্তিষ্কে,
আমার জীবনের প্রতিটি মুহূর্তে
প্রতিটি রক্তবিন্দুতে মিশিয়ে দাও তোমার নাম।
ঘুম ভাঙা চোখে প্রথম চুমুতে লিখে দাও
ঘর্মাক্ত শরীরে নোনাজল মোছার বাহানায়,
আমার নরম শাড়ির আঁচলে লিখে দাও
আমার এলো চুল গুছিয়ে দেওয়ার ছলে,
মধুর সোহাগ জড়ানো গভীর চুম্বনে লিখে দাও
আদরের ভাজে ভাজে এক চিলতে হাসিতে,
ঐন্দ্রজালিক তৃপ্তির ফুলশোভিত
কার্নিশে,পরম যত্নে লিখে দাও মনের অলিতে গলিতে
তোমার নামটা মিশিয়ে দাও আমার নামে।
আবেগ জড়ানো মায়ায় লেপ্টে দাও বুকে আমার তোমার নাম খানি,
ভালোবাসা চিহ্ন করে দাও কপালের শীর্ষবিন্দুতে,
শত অনুরাগের সাত রঙে মনের খাতার
প্রতিটি পাতায় লিখে দাও নামখানি,
প্রেমময় আল্পনায় এঁকে দাও চোখের নোনা জলে
চায়ের প্রথম চুমুকে স্নিগ্ধ হাসিমাখা মুখে,
অনুভব অনুভূতির মাধুরি মিশিয়ে
অপ্রকাশ্য শব্দ মালায় নিরব অভিমানে,
বাঁধন হারা চঞ্চল নৈপুণ্যে তোমার
নামটি সাজাও আমার হৃদয় ডাইরিতে।