নিজস্ব প্রতিবেদক || ডিএমসি নিউজ২৪.কম
সাভারে জাতীয় স্মৃতিসৌধের শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন ওবায়দুল কাদের।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, স্বাধীনতার ঘোষক নিয়ে বিতর্কের অবসান হবে যখন আমরা সত্য অনুসন্ধান করবো।
মঙ্গলবার (২৬ মার্চ) সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধের শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের জানান, এতোদিন পরেও স্বাধীনতার ঘোষক নিয়ে বিতর্ক করে। পাঠক ঘোষক হতে পারে না। কে ঘোষক এই বিতর্কের অবসান তখনই হবে, যখন সত্যের অনুসন্ধান করতে যাব। স্বাধীনতা ঘোষণার ম্যান্ডেট ৭০ এর নির্বাচনের মাধ্যমে বঙ্গবন্ধুই পেয়েছিলেন।
তিনি আরও জানান, আমাদের ভাবতে হচ্ছে আজকে এতো বছর পর এ দেশেরই মানুষ, অগণতান্ত্রিক সাম্প্রদায়িক শক্তিকে নিয়ে এ দেশেরই যারা আমাদের বিজয়, স্বাধীনতার বিরুদ্ধে অন্তরায় সৃষ্টি করে যাচ্ছে আমাদের। বিএনপির নেতৃত্বে যে সাম্প্রদায়িক অশুভ শক্তি বিজয়কে সংহতকরণে বাধা বা অন্তরায় হয়ে আছে-আজ আমাদের শপথ করতে হবে, শেখ হাসিনার আমরা নেতৃত্বে এই অপশক্তিকে পরাজিত করব, প্রতিহাত করবো।
ভারতবিরোধিতা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিরোধিতা আগেও হয়েছে, এখনো হচ্ছে। এটা নতুন কিছু না। এই বিরোধিতা পাকিস্তান আমল থেকেই হয়ে আসছে। যখন কোনো ইস্যু থাকে না, তখনই ভারত বিরোধিতা ইস্যু সামনে আসে।