মঙ্গলবার , ১২ মে ২০২৬ , রাত ১০:০৩
ব্রেকিং নিউজ

নীরব কিন্তু প্রাণঘাতী বজ্রপাত

রিপোর্টার : নিউজ ডেস্ক
প্রকাশ : শনিবার , ৫ অক্টোবর ২০২৪ , বিকাল ০৪:২০

লেখক :-জাবের মীর

দেশে সরকার যায় সরকার আসে কিন্তু সাধারণ, অসহায় ও গরীবের আর্তনাদ আজীবন স্রোতস্বিনীর প্রবল প্রবহমান পানিতে কচুরিপানার মতো গন্তব্যহীন ভাসতে থাকে।কতই তো আমরা বিজয় উল্লাসে মেতে উঠেছি বহুদিনের একনায়কতন্ত্রের গভীরে শিকড়গাড়া সরকারের পতন ঘটিয়ে কিন্তু বাতির নিচের সেই অন্ধকার হলো আরো ঘন থেকে ঘনতর।দীর্ঘদিন ধরে নিত্যপন্যের চড়া দামের কষাঘাতে সাধারণ মানুষ যখন অক্টোপাসের চাপে নিষ্পেষিত হচ্ছিল কিন্তু কারও কিছু করার ছিল না এমনকি জাতীয় সংসদে তদানীন্তন বানিজ্য মন্ত্রী অসহায়ের মতো বলেছিলেন সিন্ডিকেট অতি দানবীয় শক্তি যা টলানো যায়না!এই হচ্ছে দেশের মন্ত্রীর বক্তব্য!কিন্তু ৫ই আগস্টের পরে বুভুক্ষু সাধারণ মানুষ মনে করেছিল এবার হয়তো নিত্যপন্যের বাজারটা নিয়ন্ত্রণে আসবে,খেয়ে-পরে কোনমতে পরিবার পরিজন নিয়ে বাঁচবে কিন্তু চিত্র বড়ই বিচিত্র! তাদের সে আশা পূরণ হওয়া তো দূরে থাক বরং কষ্ট বহুগুনে বেড়েছে নিত্যপন্যের মূল্যের পাগলা ঘোড়ার পিছনে ছুটতে ছুটতে।কিন্তু এখন তো সেই বিগত সরকারের লালিত পালিত সিন্ডিকেট থাকার কথা না,তাহলে এখন এই অবস্থা কেন নাকি সিন্ডিকেট আছে শুধু নামের পরিবর্তন!এখানে ওখানে সংস্কার নিয়ে সরকার ব্যস্ত,হ্যাঁ সংস্কার হতেই হবে কিন্তু মুখমণ্ডল কাপড় দিয়ে ঢাকতে গিয়ে নিম্নাঞ্চলের যন্ত্রপাতি জনসম্মুখে দৃশ্যমান হলে তো হবেনা।মনে রাখা দরকার,সাধারণ মানুষ এতো কিছু বুঝেও না,এতোকিছু চায়ও না,তারা চায় সারাদিন হাড়ভাঙা পরিশ্রম করে পরিবার নিয়ে দুমুঠো খেয়ে শান্তিতে ঘুমাতে কিন্তু সেদিকে খেয়াল না রেখে,কবে ভোট,সংস্কার,পদোন্নতিসহ নানান কাজে সরকার ব্যস্ত।মনে রাখা দরকার,ক্ষুধার যন্ত্রণার উপর কোন কিছুর নিয়ন্ত্রণ থাকেনা।এই ক্ষুধার্ত ও বুভুক্ষু মানুষের হাহাকার যখন গর্জন রূপ ধারণ করবে তখন সকল সংস্কার ব্যর্থ হয়ে বজ্রপাতের মতো আঘাত হানবে যা দমানো যায় না,যাবেও না।সুতরাং সরকারের প্রতি সনির্বদ্ধ অনুরোধ, নিত্যপন্যের বাজার নিয়ন্ত্রণ করে সাধারণ মানুষকে দুবেলা দুমুঠো খাওয়ার পরিবেশ সৃষ্টি করুন নতুবা সকল বিপ্লব, বিজয় অদূর ভবিষ্যতে আমন্ত্রণ জানাবে ভয়াবহ পরাজয়!

********************


 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১