মঙ্গলবার , ১২ মে ২০২৬ , রাত ০৯:৫৩
ব্রেকিং নিউজ

কালিয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

রিপোর্টার : নড়াইল জেলা প্রতিনিধি
প্রকাশ : বৃহঃস্পতিবার , ২৫ এপ্রিল ২০২৪ , দুপুর ০২:৪৯
নড়াইল জেলা প্রতিনিধিঃ

চাকরির প্রলোভন দেখিয়ে ঘুষ লেনদেন, নিয়মের তোয়াক্কা না করে নিজের আত্মীয়দের নিজ অফিসে নিয়োগ,কিশোর-কিশোরী ক্লাবের শিশুদের টাকা আত্মসাৎসহ নানান অনিয়ম, দুর্নীতির অভিযোগ উঠেছে নড়াইলের কালিয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কেয়া দাসের বিরুদ্ধে।

মহিলা বিষয়ক অধিদপ্তর সূত্রে জানা যায় ২০২২ সালের ১৬ ই অক্টোবর কালিয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হিসেবে যোগদান করেন কেয়া দাস। যোগদানের পর থেকেই শুরু হয় তার সকল অনিয়ম ও দুর্নীতি। সরেজমিনে গিয়ে মাতৃত্বকালীন ভাতা,ভিজিডি প্রকল্প, কিশোর কিশোরী ক্লাবের শিক্ষক নিয়োগে ঘুষ লেনদেন ও দুর্নীতির সত্যতা পাওয়া গেছে।


কালিয়া উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতাধীন কালিয়া পৌরসভা ও ১৪ টি ইউনিয়নসহ মোট১৫ টি কিশোর কিশোরী ক্লাব রয়েছে। যেখানে প্রতিটি ক্লাবের সদস্য সংখ্যা ৩০ জন।সপ্তাহে শুক্র ও শনিবার আবৃত্তি,গানসহ বিভিন্ন বিষয়ে শিক্ষা দেয়া হয়।তাদের প্রত্যেকের জন্য বরাদ্দ প্রতিদিন ৩০ টাকার পুষ্টিকর নাস্তা।


কিন্তু সরেজমিনে দেখা যায়, তাদেরকে দুই প্যাকেট বিস্কুট যার খুচরা মুল্য ১০ টাকা করে পাইকারি ৭.৮৪ পয়সা।একটা ক্লাবে সপ্তাহে ১৮ ‘শ টাকার নাস্তা দেয়ার কথা থাকলেও দেওয়া হচ্ছে ৯৪০ টাকার বিস্কুট।

যার ফলে প্রতিমাসে প্রায়ই অর্ধ লক্ষ টাকা নিজের পকেটে রাখেন কেয়া দাস।
এমনকি কোন শিক্ষার্থী অনুপস্থিত থাকলে তাদের জন্য বরাদ্দকৃত খাবার মহিলা বিষয়ক কর্মকর্তা কেয়া দাসের কাছে ফেরত দিতে হয় বলে জানান নাম প্রকাশে কয়েকজন শিক্ষক।

এছাড়াও কিশোর কিশোরী ক্লাবে মনিহারী বাবদ গত বছরের ১৮ ডিসেম্বর প্রতি কেন্দ্রে ৩ হাজার করে ১৫ টি কেন্দ্রে ৪৫ হাজার টাকা বাজেট দেয়া হয়েছে।যার একটি টাকাও আজও  কোন কেন্দ্রে দেয়া হয়নি বলে জানা গেছে। এভাবেই প্রতিমাসে প্রায় লক্ষাধিক টাকা আত্মসাৎ করছেন কেয়া দাস।

এমনকি  উপজেলা মহিলা বিষয়ক কার্যালয় অপেক্ষামান প্যানেল থেকে নিয়োগ না দিয়ে নিজের প্রভাব খাটিয়ে আপন ভাই শিব শংকর দাস, ভাইয়ের স্ত্রী শিপ্রা দাস কে নিজের অফিসে ইচ্ছামত নিয়োগ করিয়ে সবকিছু নিজের কবজায় রেখেছেন।

যার কারণে কোনো অনিয়মের বিরুদ্ধে অন্য কোন সহকর্মীরা অন্যায়ের প্রতিবাদ করার সাহস পায় না বলে জানিয়েছেন ঐ কার্যালয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কর্মরত কয়েকজন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, মহিলা বিষয়ক কর্মকর্তা কেয়া দাসকে উৎকোচ দিয়ে উপজেলার বাঐসোনা ইউনিয়নের বাঐসোনা গ্রামের রুহুল মোল্লার স্ত্রী শিল্পী সুলতানা ভিজিডি প্রকল্পের কার্ড ও একই সাথে তার সর্বশেষ সন্তানের বয়স ১০ বছর পার হলেও মাতৃত্বকালীন ভাতা ভোগ করছেন। সরকারি নিয়ম অনুযায়ী একজন ব্যক্তি একই সাথে দুটি ভাতা ভোগ করতে পারবেন না। একই পদ্ধতিতে একতলা পাকা ঘরে বাস করা বাঐসোনা গ্রামের রকমান মোল্লার স্ত্রী কহিনুর বেগম, আবির হোসেন এর স্ত্রী তাঞ্জিরা বেগম, রোমান শেখের স্ত্রী হীরা খানমসহ অসংখ্য ব্যক্তি ওই মহিলা বিষয়ক কর্মকর্তার যোগসাজসে নিয়মের তোয়াক্কা না করে ভাতা গ্রহণ করছেন। 
এতে সাধারণ হতদরিদ্র পরিবার সরকারি ভাতা থেকে বঞ্চিত হচ্ছেন বলে দাবী করেছেন এলাকাবাসী ও জনপ্রতিনিধি।


বাঐসোনা ইউনিয়নের নাম প্রকাশে অনিচ্ছুক এক ইউপি সদস্য জানান, আমরা জনপ্রতিনিধি হয়েও কোন ভাতার ব্যাপারে মহিলা বিষয়ক কর্মকর্তা কেয়া দাসের সাথে কথা বলতে পারিনা কিন্তু তিনি তার দালালদের মাধ্যমে অবৈধভাবে সেসব ভাতা টাকার বিনিময়ে করে দেয়। অথচ যাদের দেয় তাদের সামর্থ্য আছে বাদ পড়ে যায় গরিবরা।

সকল অনিয়ম ও দুর্নীতির বিষয়ে মহিলা বিষয়ক কর্মকর্তা কেয়া দাসের বক্তব্য আনতে গিয়ে তাকে অফিসে পাওয়া যায়নি। খোঁজ নিয়ে জানা যায় তিনি বিসিএস পরীক্ষার জন্য ঢাকায় অবস্থান করছেন।
মুঠোফোনে ০১৭৯০-৭৪৩৭..একাধিকবার কল দিলেও রিসিভ করেননি।

কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনু সাহা বলেন,গত বছরের ১৮ ডিসেম্বর মহিলা বিষয়ক মন্ত্রণালয় থেকে কিশোর কিশোরী ক্লাবের জন্য বরাদ্দকৃত যে পাচচ্চল্লিশ হাজার টাকা কালিয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কাছে এসেছিল সে বিষয়ে একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে আমাদেরকে জানানোর নির্দেশনা থাকলেও তিনি (কেয়া দাস) আমাকে জানাননি। এছাড়াও অন্যান্য বিষয়ে তার বিরুদ্ধে আপনাদের মাধ্যমে জানতে পারলাম। এ বিষয়ে মহিলা বিষয়ক অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানাবো। 


এ বিষয়ে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এর সহকারী পরিচালক মৌসুমী রাণী মজুমদার জানান, কালিয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কেয়া দাসের বিরুদ্ধে আসা সকল বিষয় আমি নিজে খোঁজ খবর নিয়ে দেখব।যদি সত্যতা পাওয়া যায় তাহলে ডিপার্টমেন্টাল ব্যবস্থা নেয়া হবে। তবে তিন দিন যাবত সরকারিভাবে ছুটি না নিয়ে কেয়া দাসের অফিসে না আসার বিষয়ে তিনি জানেন না বলে অবহিত করেন।
 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১