কবি
-সৌরভ দুর্জয়
ক্লান্ত আজ বিহঙ্গ ডানা উত্তল সাগর তল
পাহাড় ভেজে রক্তজলে চোখ করে ছলছল।
দুষ্ট শকুন পাখা মেলে আকাশ জুড়ে ওড়ে
ক্ষেতের ফসল বর্গীরা খায় ক্ষুধায় উদর পোড়ে।
ঘষেটিরা খোঁপা বেধে করছে কানাকানি
বিশ্বাসঘাতক হানছে ছুরি করছে হানাহানি।
জগৎ শেঠরা পরের গর্তে ভরছে দেশের টাকা
দেশের ভান্ডার লুটেপুটে করছে তারা ফাঁকা।
পাশার চালে জিতে শকুনি চায় সে 'দ্রৌপদী'
পোড়ায় মারে জ্যান্ত মানুষ জ্বালায় মরা নদী।
মরু বানায় সবুজ উঠোন আটকায় স্বচ্ছ জল
গাছের খেয়ে তলার কুড়ায় স্বার্থপরের দল।
প্রাণের মাটির বুকের উপর বানাতে চায় পথ
উত্তর বাড়ি পৌঁছাতে চায় চালায় জোড়া রথ।
কেউ বা আবার লোভের বড়শী ঘুরায় নাকের কাছে
জেনে রেখো ওদের কিন্তু খারাপ মতলব আছে।
ঘুম ভঙ্গে তাই জেগে উঠো ভুলে মায়াজাল
এনো না কেউ হিংস্র কুমির কেটে ঘরে খাল।
নিজের জমি আবাদ করে ফলাও সেথায় ধান
রক্ষা করে মায়ের সম্মান বাড়াও নিজের মান।
০২/১০/২০২৪
ফরিদপুর।