লাবনী খানম
ভালোবাসা থাকে হৃদয় গহীনে
যায় না তো কভু ভোলা,
প্রণয় আবেশে সুখের বাতাসে
দিবা-নিশি দেয় দোলা।
ভুল করে যদি প্রেম দেখা দেয়
করো না তো তারে হেলা,
অন্তিম কালে সঙ্গীর তালে
কাটিবে যে সুখে বেলা।
নিঃসঙ্গতা জীবনের পথ
করে দেয় আঁকা-বাঁকা,
দুখের অনলে প্রতি পলে পলে
অন্তর করে খাঁখাঁ।
ওহে প্রিয়তম আমি যে অধম
তোমার আশাতে থাকি,
খাতার উপরে রঙিন আঁখরে
তোমার ছবিটি আঁকি।
তুমি ওগো মোর প্রাণের সুজন
কথা একদম খাঁটি,
এসো প্রাণনাথ বাড়িয়ে দু'হাত
হাতটি ধরিয়া হাঁটি।