কবি– মুন্সী মোঃ মুহিব্বুল মুত্তাকিন
দুনিয়ার এই ক্ষণিক সময়ে
অনেকেই হলো সাথী,
কবরের ওই আঁধার মাঝে
জ্বালেনা তো কেহ বাতি!
কতজন ছিল বন্ধু রূপে
দুঃখ ভুলাতো রোজ,
মৃত্যুর পরে কোথা গেল সবে?
রাখেনা তো কেহ খোঁজ!
ছেলেবেলা হতে মরণ অবধি
করেছি যে কত পাপ,
পাপের মিলনে জন্ম নিয়েছে
বিষধর অভিশাপ।
ঘুষের টাকায় প্রাসাদ গড়েছি
আরাম করেছি বেশ,
কঠিন আযাবে ভুগছি কবরে
মিটছে না তার রেশ।
গায়ের জোড়ে জুলুম করে
মানুষ মেরেছি কত,
আজ সেই ব্যথা বিষ তীর হয়ে
করছে যে মোরে ক্ষত।
জিন্দা কালের সকল হিসাব
আমলে হয়েছে জমা,
খোদা বিনে মোর আর কেহ নেই
কে করিবে মোরে ক্ষমা?
এই পৃথিবীকে অনেকেই মোরা
আপনার ভাবি হায়,
তাইতো সকলে গোনাহের কাজে
মহা উৎসাহ পাই।
চোখের সামনে কত গুণীজন
হারালেন নিঃশ্বাস,
তবু কেন এই অন্ধ হৃদয়ে
ভোগ-বিলাসের বাস?
ছেড়ে যেতে হবে মাটির ধরা
বেলা ফুরাবার সাথে,
জাগিব আবার হাশরের দিনে
কাল-কেয়ামতের মাঠে।
সময় থাকিতে প্রভুর প্রণয়ে
কেঁদে চলো দিবা-রাত্রি,
তাহার নিকটে আসতেই হবে
মোরা ফিরতি পথের যাত্রী।