জোষ্ঠ প্রতিবেদক || ডিএমসি নিউজ২৪.কম
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১০ শিক্ষার্থীর সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-তে অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।
বুধবার (২০ই মার্চ) ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতি আয়োজিত এক মানববন্ধনে জাতীয় প্রেসক্লাবের সামনে এই ঘোষণা দেয় ডিইউজে।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সভাপতি ওমর ফারুক; তিনি বলেন, সাংবাদিকতা করার দায়ে শিক্ষার্থীদের সাময়িক বহিষ্কার করে যে অবিচার করা হয়েছে সে বিষয়ে আমি একটু আগে ভিসিকে কল করেছিলাম। তিনি কল রিসিভ করেননি। এই ধরনের অপরাধ কিছুতেই সহ্য করা যায় না। প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস রিপোর্টার রয়েছে। সাংবাদিকতা করায় বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের ঘটনা আমি কখনোই এর আগে শুনিনি। বিশ্ববিদ্যালয়ের এই ধরনের অন্যায় কিছুতেই সহ্য করা হবে না।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সোহেল হায়দার চৌধুরী জানান , ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অত্যন্ত নিকৃষ্ট কাজ করছে। শামীম হায়দার পাটোয়ারী আপনি মিষ্টি মিষ্টি কথা বলেন টকশোতে, অবিলম্বে বহিষ্কারাদেশ প্রত্যাহার করতে হবে,আপনাকে সতর্ক করে দিতে চাই; ।বহিষ্কার আদেশ প্রত্যাহার করেন ভিসি মহোদয়; নয়তো আপনাদের দুইজনের বাড়িও ঘেরাও করব,অফিস নয়।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আকতার হোসেন বলেন, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অবশ্যই অনিয়ম-দূর্নীতি হচ্ছে। এজন্য সাংবাদিকদের সাংবাদিকতা করতে দিচ্ছে না তারা। অবশ্যই ছাত্রদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করতে হবে। একইসঙ্গে তাদের সাংবাদিকতা করার সুযোগ দিতে হবে।
ঢাকা রিপোর্টাস ইউনিটির সভাপতি শুকুর আলী শুভ বলেন, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি যদি ভেবে থাকে যে সাংবাদিকদের কণ্ঠরোধ করবে, সেটা হবে তাদের ভুল ধারণা। কোন বিশ্ববিদ্যালয় তা করতে পারেনি আর পারবেও না। একটা বিশ্ববিদ্যালয় নিজের নিয়মে চলবে না, দেশের আইনে চলবে। আমি সাবধান করে দিতে চাই, অবিলম্বে এ বহিষ্কার আদেশ প্রত্যাহার করে তাদের পূর্ণাঙ্গভাবে সাংবাদিকতা করার সুযোগ করে দিতে হবে।
মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক গোলাম মুজতবা ধ্রুব, কোষাধ্যক্ষ সোহেলী চৌধুরী, কার্যনির্বাহী সদস্য সাজেদা হক, সাবেক সহসভাপতি মানিক লাল ঘোষ, ঢাকা রিপোর্টাস ইউনিটির সভাপতি শুকুর আলী শুভ, সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ, এডুকেশন রিপোর্টাস অ্যাসোসিয়েশনের সভাপতি অভিজিৎ ভট্টাচার্য, সাধারণ সম্পাদক আকতারুজ্জামান, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সহ-তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক আজিজুল ইসলাম যুবরাজ প্রমুখ।
উল্লেখ্য, গত বুধবার (১৩ মার্চ) সাংবাদিকতা করায় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১০ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়টিতে সাংবাদিক সমিতির কার্যক্রম অবৈধ ঘোষণা করা হয়।