মঙ্গলবার , ১২ মে ২০২৬ , রাত ০৮:২৬
ব্রেকিং নিউজ

নড়াইলে এক তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে গণধর্ষণ:- মামলার প্রধান আসামি গ্রেফতার

রিপোর্টার : নড়াইল জেলা প্রতিনিধি
প্রকাশ : মঙ্গলবার , ২০ মে ২০২৫ , সন্ধ্যা ০৬:৫০

নড়াইলের কালিয়া উপজেলার পোলবাজার এলাকা থেকে র‍্যাব-৬ গ্রেফতার করেছে  গণধর্ষণ মামলার প্রধান পলাতক আসামি মো. রাব্বি শেখ (২২) কে ।  ১৯ মে (সোমবার)  বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভাটিয়াপাড়া ক্যাম্পের ১টি দল ওই এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

র‍্যাব সূত্রে জানা যায় , রাব্বি শেখ কালিয়া উপজেলার খড়রিয়া গ্রামের বাসিন্দা। গত ১৮ এপ্রিল রাতে ১ তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে তিনি খড়রিয়া গ্রামে তাঁর বন্ধু শাহিনের (২৭) বাড়িতে নিয়ে যায়। পরে রাত ১০টার দিকে রাব্বি ও শাহিন মিলে তরুণীকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ উঠে।

২০ এপ্রিল ভুক্তভোগী তরুণীর মা কালিয়া থানায় রাব্বি ও শাহিনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের মামলা করেন। মামলার পর থেকেই রাব্বি পলাতক ছিলেন। বিষয়টি র‍্যাবের নজরে এলে তারা ছায়া তদন্ত শুরু করে এবং বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে তাঁর অবস্থান নিশ্চিত করে।

র‍্যাব বলছে, গ্রেপ্তারকৃত আসামিকে সোমবারই কালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। ঘটনায় জড়িত অন্য আসামিকেও আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

র‍্যাব-৬ জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে পলাতক থাকা ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার অভিযান চালিয়ে যাচ্ছে। অপরাধ দমনে নিয়মিত গোয়েন্দা নজরদারি ও আইনি পদক্ষেপ অব্যাহত থাকবে।




 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১