মনিরুজ্জামান মনি
'ফেল'করলি ক্যান্ ওরে পল্টু বল্ না মোরে বোকা
পড়তে সময় পায়নি, শুনুন দেবো না তাই ধোঁকা।
সপ্তা ছুটি বায়ান্ন দিন আট ঘণ্টা রই ঘুমে,
দিন এক ঘণ্টা বন্ধু মিলে খেলায় থাকি ধুমে।
ছুটি আর ঐ ঘুম, খেলাতে ছয়মাস যায় কেটে,
শীতে, বর্ষায়, গ্রীষ্মকালে দেড় মাস নেয় ছেঁটে।
দুই ঈদে আর বৈশাখী ও সমাজ কর্মের ছন্দে,
মাসের অধিক যায় কেটে তাই হয়না পড়া মনদে।
খাওয়া, গোসল, পায়খানাতে দিন দু'ঘন্টা গেলে!
একমাস সময় বাদ পড়ে যে ক্যামনে সুযোগ মেলে
সেন্টার আর ঐ তিন পরীক্ষায় ক্লাস হয়না মোটে,
দেড় মাস ছুটি থাকলে মনটা উড়ু উড়ু ছোটে।
আত্মীয়তা ছিন্ন করা ধর্মে আছে মানা,
মোবাইল আর তাদের বাড়ি ঊনত্রিশে দেই হানা।
বছর পুরতে একটি মাত্র দিন থাকে মোর হাতে,
সেটি আমার জন্ম দিবস বন্ধুরা সব মাতে।
পড়তে বসলে কাজের কথা হঠাৎ পড়ে মনে,
মোটেই মিথ্যা নয় এ কথা বলছি আপনার সনে।
পড়ার সময় পায়নি বলে 'ফেল' করেছি মানি,
ভালোবেসে পাস করাবেন আমরা এটাই জানি।
এমনি করে জীবন খাতায় জুটবে যখন ফেল'টা
অজুহাত না চলবে সেথা ঢালবে গরম তেল'টা।।