আগামী ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। এর আগে ভারতের বিপক্ষে অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছিল টাইগাররা। সেই ম্যাচে ইনজুরিতে পড়েন পেসার শরিফুল ইসলাম। তার বদলি হিসেবে কাউকে নিতে রাজি নয় টিম ম্যানেজমেন্ট।
বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেন, ‘তার (শরিফুল) ইনজুরি আমাদের জন্য বড় চিন্তার বিষয়। তার হাতে ছয়টি সেলাই পড়েছে। তার রিকভারি প্রক্রিয়া মূল্যায়ন করতে আমাদের আরও কিছুদিন সময় নিতে হবে।’
তিনি আরও বলেন, ‘ট্রাভেলিং রিজার্ভ হিসেবে আমাদের সঙ্গে আছেন হাসান (পেসার হাসান মাহমুদ)। আমরা শরিফুলকে পেতে আগ্রহী কারণ দলের জন্য ধারাবাহিকভাবে ভালো করেছেন তিনি। ৯ জুন আমরা শরিফুলের অবস্থার মূল্যায়ন করবো এবং এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নিবো। আমরা দেখতে চাই শরিফুল কত দ্রুত সুস্থ হয়ে ওঠে।’